সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। গত ১২ জুলাই চেক/পে-অর্ডারের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়।
চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের মতো চট্টগ্রামেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, ‘টানা ভারী বর্ষণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতাই নয়, এটি দুর্গত মানুষের পাশে আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সক্ষম হব।’
উল্লেখ্য, প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তিনি দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম ওয়াসার ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।














