কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল (৭৪) মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) দিনগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোক জনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র সন্তান রেখে গেছেন তিনি।
বুধবার (২২ জুলাই) আছরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ শিক্ষাবিদ, রাজনীতিবীদ, সরকারের উর্ধতন কর্মকর্তাগণ অংশ নেন।
১৯৭২ সালে দৈনিক গণকন্ঠের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করা আতাহার ইকবাল একাধারে সাংবাদিক, গীতিকার, সংগীত শিল্পী, বেতার উপস্থাপক সর্বোপরি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেন। জীবদ্দশায় তিনি দেশের নাম করা জাতীয় দৈনিকের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে আতাহার ইকবাল কক্সবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক তরঙ্গ, সাগরবাণী, দৈনিক বাঁকখালীর প্রকাশক ও সম্পাদক ছিলেন। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পুর্বকোণ, দৈনিক নয়াবাংলা, ঢাকার দৈনিক জনকণ্ঠ, দৈনিক মানবজমিন, দৈনিক মাতৃভূমি পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৭৫ সালে কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠাকালে তিনি ছিলেন অগ্রণী ভুমিকায়।
তিনি সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘকাল রাজনীতিতেও সক্রিয় ছিলেন। শুরুতে জড়িত ছিলেন জাসদ ছাত্রলীগের সাথে। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগ দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে তিনি কক্সবাজার মহকুমা যুবদলের সেক্রেটারি এবং যুব সংস্থার চেয়ারম্যান ছিলেন। নব্বই দশকের শেষের দিকে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর দীর্ঘদিনের সভাপতির দায়িত্বপালন করেন।
শোক প্রকাশ
সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এসএম জাফর, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারে সাংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও অবদান কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসী একজন অভিজ্ঞ সাংবাদিক, অভিভাবকসুলভ ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের নিবেদিতপ্রাণ কর্মী হারালো। মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানিয়ে শোক বার্তায় নেতৃবৃন্দ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোক প্রকাশ করেছেন, কক্সবাজারে কর্মরত সাংবাদিকগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দও।














