চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীকে মারধর এবং পরে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মনসা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত প্রবাসী এমদাদুল হক ফায়রাজ (২৭) মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই এনামুল হক পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী সাইফু ও রহমানের সঙ্গে ফায়রাজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা ফায়রাজকে মারধর করলে তিনি মাথায় আঘাত পান। পরে তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ওই ঘটনার জের ধরে রাতেই অভিযুক্তরা কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির প্রধান গেট ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রবাসী এমদাদুল হক ফায়রাজের দাবি, প্রতিবেশী সাইফু জুয়া খেলার সঙ্গে জড়িত এবং এর প্রতিবাদ করায় তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, হামলা ও ভাঙচুরের ঘটনার ছবি ও ভিডিও তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।
তবে অভিযুক্ত সাইফুরের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













