সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার পহরচাঁদা, সরদারপাড়া ও দক্ষিণপাড়া এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা, পরিচালনা কমিটির অনুমোদন এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জরুরি ব্যবহার্য সামগ্রী। বন্যাকবলিত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে সামান্য হলেও ভূমিকা রাখতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, ‘মানুষের সেবাই পার্কভিউ হসপিটাল লিমিটেডের মূল দর্শন। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো মানবিক দুর্যোগে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।,
তিনি আরও বলেন, ‘মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই পার্কভিউ হসপিটাল স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করে আসছে।’
উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেড উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগকালীন ত্রাণ সহায়তা, জনসচেতনতামূলক কর্মসূচি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে।













