চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন একটি নিয়মিত মামলার আসামি এবং একজন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত।
চন্দনাইশ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নিয়মিত মামলায় দুইজন এবং একটি সিআর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন খুইল্যা মিয়া (৫৫) ও তাঁর ছেলে শহিদুল ইসলাম (২৩)। তারা চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা এলাকার জিহস ফকিরপাড়ার বাসিন্দা।
এ ছাড়া যৌতুক নিরোধ আইনের ৩ ধারার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. শহিদুল্লাহ ওরফে ভোলা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বরমা ইউনিয়নের মাইগাতা এলাকার বাসিন্দা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













