৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা

মাকে বাঁচাতে গিয়ে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল বাবারও

চট্টগ্রামের আনোয়ারায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে স্বপন দাশগুপ্ত (৬৫) ও কল্পনা দাশগুপ্ত (৫৫) নামে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের মহাজন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত দম্পতির ছেলে রোমি রাজ দাশগুপ্তকে (৩০) আটক করেছে পুলিশ। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পৌনে ২টার দিকে নিজ বাড়িতে মাদকাসক্ত ছেলে রোমি রাজ দাশগুপ্তের সঙ্গে তার মা কল্পনা দাশগুপ্তের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রোমি রাজ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই কল্পনা দাশগুপ্ত নিহত হন।

মাকে বাঁচাতে বাবা স্বপন দাশগুপ্ত এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বপন দাশগুপ্তকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রোমি রাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এর আগে তাকে একাধিকবার পাবনার একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। প্রায় তিন থেকে চার মাস আগে তিনি সেখান থেকে বাড়িতে ফিরে আসেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন উদ্দীন বলেন, স্বপন দাশগুপ্তকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেক হাসপাতালে রেফার করা হয়। তবে অ্যাম্বুলেন্সে তোলার পরই তার মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রোমি রাজ দাশগুপ্তকে আটক করে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন