চট্টগ্রামের রাউজানে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে ‘রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব’ নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের মুন্সিরঘাট এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর ও পূর্বদেশের প্রতিনিধি সাংবাদিক তৈয়ব চৌধুরী। সভা পরিচালনা করেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. হাবিবুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক ও বাংলাধারার প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আমির হামজা, দৈনিক আমার দেশের প্রতিনিধি মোহাম্মদ আরফাত হোসাইন, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিসুর রহমান এবং দৈনিক জনবাণীর প্রতিনিধি ইরফাত হোসেন চৌধুরী।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতার গুরুত্ব বেড়েছে। অপসাংবাদিকতা রোধ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদারে নতুন সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে গাজী জয়নাল আবেদীন যুবায়ের সভাপতি এবং মো. হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সঙ্গে সাংবাদিক তৈয়ব চৌধুরীকে সংগঠনের উপদেষ্টা মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি মোহাম্মদ আরফাত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী এবং দপ্তর সম্পাদক এ কে বাবর।
সভা শেষে নবনির্বাচিত নেতারা সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার চর্চা, পেশাগত মর্যাদা রক্ষা এবং রাউজানের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।













