২৯ অক্টোবর ২০২৬

থানায় জিডি

চট্টগ্রামে সাংবাদিক তৌহিদ রানাকে তুলে নেওয়ার হুমকি, ডিআরইউ-সিএমজেএফ’র নিন্দা

চট্টগ্রামের খুলশীতে একটি পরিবারের কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাওয়াকে কেন্দ্র করে সাংবাদিক তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ রানাকে ভয়ভীতি প্রদর্শন এবং পুলিশ কমিশনারের মাধ্যমে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শরীফ উদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ১২ মিনিটের দিকে অভিযুক্ত শরীফ উদ্দিন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। খুলশীতে একটি পরিবারের কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই ব্যক্তি তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে কথোপকথনে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণ করা হয় বলে অভিযোগ করেন সাংবাদিক তৌহিদ রানা।

তৌহিদুল ইসলাম বর্তমানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। তাঁর ভাষ্য অনুযায়ী, ফোনালাপের সময় শরীফ উদ্দিন চৌধুরী নিজেকে পোশাকশিল্পের ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। পাশাপাশি বিজিএমইএর চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের ভাই, প্রভাবশালী কেডিএস পরিবারের সদস্য এবং অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি বলেও পরিচয় দেন। এসব পরিচয় ও কথিত প্রভাবের কথা উল্লেখ করে তাঁকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন সাংবাদিক তৌহিদ রানা।

অভিযোগে আরও বলা হয়, কথোপকথনের একপর্যায়ে পুলিশ কমিশনারের মাধ্যমে তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। এ ধরনের বক্তব্য ও আচরণে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই সাংবাদিক। তাঁর আশঙ্কা, অভিযুক্ত ব্যক্তি কথিত প্রভাব খাটিয়ে তাঁকে হয়রানি করতে পারেন।

এ বিষয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। আবেদনে তিনি পেশাগত দায়িত্ব পালনের সময় ভয়ভীতি, গালিগালাজ ও হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ডিআরইউ ও সিএমজেএফের নিন্দা ও প্রতিবাদ
সাংবাদিক তৌহিদ রানাকে পুলিশ কমিশনারের মাধ্যমে তুলে নেওয়ার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

অপরদিকে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন এবং পুলিশ কমিশনারের মাধ্যমে তুলে নেওয়ার হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো কিংবা প্রভাব খাটিয়ে হয়রানির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
নেতারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। সাংবাদিক তৌহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

একই সঙ্গে সাংবাদিকদের প্রতি যেকোনো ধরনের হুমকি ও হয়রানির বিরুদ্ধে সংগঠনটির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।

আরও পড়ুন