৩০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, মামলা করায় দাবি বেড়ে ৫০ লাখ

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর সন্ত্রাসীদের হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। ভয়ে নির্মাণশ্রমিকরা কাজে না ফেরায় ভবনটির নির্মাণকাজও বন্ধ রয়েছে।

রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন আবাসিক এলাকায় মো. জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন জসিম উদ্দিন। তিনি হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকায় চাল ও চিনির পাইকারি ব্যবসায়ী। সম্প্রতি তিনি ওই ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু করেন।

জসিম উদ্দিন জানান, হামলার আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পর রাতে সন্ত্রাসীরা ফোন করে নির্মাণকাজ বন্ধ রাখার হুমকি দেয়।

তিনি আরও বলেন, ‘মামলা করার পর তারা আবার ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছে।’

জসিম উদ্দিন জানান, ঘটনার পর থেকে শ্রমিকরা আতঙ্কে কাজে ফিরছেন না। আগে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন শ্রমিক ভবনটিতে কাজ করলেও সোমবার সকালেও যোগাযোগ করার পর কেউ কাজে আসতে রাজি হননি।

তিনি বলেন, ‘মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাই পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটছে।’

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, চাঁদা দাবি, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে তিনি জানান।

আরও পড়ুন