চট্টগ্রামের আকবরশাহ এলাকায় একটি বাসা থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন মাহে আলম ওরফে শাহ আলম (৩০) এবং মো. মনির হোসেন (২৮)। পুলিশের দাবি, মাহে আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে ১২টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তারের বাসায় চুরির ঘটনা ঘটে।
চোরেরা ৩টি নেকলেস, ৩টি চেইন, ১টি ব্রেসলেট, ২টি চুড়ি, ৬ জোড়া কানের দুল, ৮টি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার চার দিন পর, ২৪ জুলাই ভুক্তভোগী নারী আকবরশাহ থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ কমিশনারের নির্দেশনায় আকবরশাহ থানার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সোমবার (২৭ জুলাই) পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি নেকলেস, ৩টি চেইন, ২টি চুড়ি, ৩ জোড়া কানের দুল ও ২টি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া স্বর্ণালংকার আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।













