রাউজানের বহুল আলোচিত যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি এবং একাধিক হত্যা মামলার অভিযুক্ত মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস (৪৭)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের স্বার্থে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার ঢাকায় অভিযান চালিয়ে ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইলিয়াসকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের স্বার্থে রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ধামা ইলিয়াস সন্ত্রাসী ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী মোহাম্মদ রায়হানের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা, যার তিনটি রাউজান থানায়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, জেলা ডিবির বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত মাসুদ হত্যা মামলায় এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই ও বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন। মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী মোহাম্মদ রায়হানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়। ধামা ইলিয়াস ওই মামলার অন্যতম আসামি।
এ ছাড়া ২০২৫ সালের ৬ জুলাই রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টহাট এলাকায় মোটরসাইকেলে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা সেলিম উদ্দিন হত্যা মামলারও অন্যতম আসামি ধামা ইলিয়াস। পুলিশ বলছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।













