বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামুতে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ মো. সোহেল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার বাসিন্দা। তিনি ফরিদুল আলম ও রাশেদা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের কাউয়ারখোপ ইউনিয়ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসান।
এ সময় পুলিশের সিগন্যাল অমান্য করে একটি মিনি পিকআপ দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানাধীন ফতেখারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীকুল এলাকায় রামু থানা সংলগ্ন রামু-মরিচ্যা সড়কে মিনি পিকআপটি আটক করে।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে, ব্রেকের পাশে পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় মিনি পিকআপটি জব্দ এবং এর চালক সোহেলকে আটক করা হয়। পাশাপাশি তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক মিনি পিকআপটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের ভাষ্য, সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।













