চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় পরকীয়ার জেরে পারিবারিক কলহের এক পর্যায়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপচালক মোহাম্মদ রাসেল। অভিযুক্ত স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল ও তার স্ত্রী মনির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বুধবার রাতে একসঙ্গে ঘুমানোর পর ভোরের দিকে রাসেল ঘুমিয়ে থাকা অবস্থায় তার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে তার যৌনাঙ্গে, আঘাত করেন স্ত্রী।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে রাসেলকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













