বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে ২০২৬ সালের হজের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ফলে আগামী বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের জন্য বিমান টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ফেয়ারটির আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশে হজ পালনের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, গত বছর বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে সৌদি সরকারের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত বিমানবন্দর নির্মাণ কর হ্রাসের অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পাশাপাশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাশত করা হবে না। কোনো হজযাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, বাংলাদেশের মাত্র পাঁচ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন, আর বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তিনি হজ এজেন্সিগুলোর প্রতি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়— এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক হজপ্রত্যাশী।













