২৫ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় মাটি বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলায় ২১ জনের নাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই সড়কের গোচরা বিএম স্কয়ার এলাকায় রাস্তার মাটি কাটা ও বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পাল্টাপাল্টি মামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি, লুটপাট, গুরুতর আহত করা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রাঙ্গুনিয়া মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকালে গোচরা বিএম স্কয়ারের বিপরীত পাশে কাপ্তাই সড়ক সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়। এ সময় স্থানীয় আজিমনগর এলাকার কয়েকজন বাসিন্দা মাটি বিক্রির বিরোধিতা করে কাজ বন্ধ করে দেন। তাদের দাবি, রাস্তা থেকে উত্তোলিত মাটি বিক্রি না করে সড়কের পাশেই সংরক্ষণ করা উচিত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল হক হারুন, পোমরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর ফারুক এবং স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সেদিনের মতো মাটি কাটার কাজ বন্ধ রাখা হয়।

পরদিন ৩১ জুলাই পুনরায় মাটি কাটার উদ্যোগ নেওয়া হলে আবারও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, রাতে সাপলেজাপাড়া এলাকার মোহাম্মদ সোলাইমান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ অনুযায়ী, এ ঘটনার পর সোলাইমানের সমর্থকরা চট্টগ্রাম উত্তর জেলা তরুণদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর, দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল এবং দুটি গুলির খোসা উদ্ধার করে।

এ ঘটনায় সাইফুল ইসলাম তালুকদারের স্ত্রী তানজু আক্তার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর, মোটরসাইকেলে আগুন দেওয়া, প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুটের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আহত মোহাম্মদ সোলাইমান পৃথক মামলায় সাইফুল ইসলাম তালুকদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করেন। তার অভিযোগ, মাটি বিক্রিকে কেন্দ্র করে অভিযুক্তরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।

তবে সাইফুল ইসলাম তালুকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কাপ্তাই সড়কের মাটি কাটা বা বিক্রির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার বাড়িতে হামলা চালানো হয়েছে এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানা জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তানজু আক্তারের দায়ের করা মামলায় আশরাফুল হক হারুনসহ আটজন ৪ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ঘটনার পর থেকে গোচরা বিএম স্কয়ার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাস্তার মাটি বিক্রি বন্ধ করে তা সড়কের পাশেই সংরক্ষণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ