চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফাঁকা বসতঘরে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্রসহ প্রায় ৯ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ঘটনাটি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ রুহুল আমিন বাড়িতে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফাহাদ ইফরানুল বৃহস্পতিবার মিরসরাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, তিনি চট্টগ্রামের বাংলাধারা অনলাইন পত্রিকায় কর্মরত। মাসহ পরিবারের সদস্যরা নগরে বসবাস করায় গ্রামের বাড়িটি প্রায় এক সপ্তাহ ধরে তালাবদ্ধ ছিল। ৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মোবাইল ফোনে বাড়িতে চুরির খবর পান। পরে বাড়িতে গিয়ে দেখেন মূল গেটের তালা ভাঙা এবং ঘরের স্টিলের আলমারি, কাঠের আলমারি ও স্যুটকেস খোলা অবস্থায় রয়েছে।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, চোরেরা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ৮ লাখ টাকা), প্রায় ৬০ হাজার টাকার আসবাবপত্র এবং মূল্যবান কাগজপত্রসহ মোট প্রায় ৯ লাখ ১০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
ভুক্তভোগী ফাহাদ ইফরানুল বলেন, ‘নিজের ঘরকে এভাবে লণ্ডভণ্ড অবস্থায় দেখতে হবে, কখনো ভাবিনি। এটি শুধু আর্থিক ক্ষতিই নয়, আমাদের পরিবারের নিরাপত্তা ও মানসিক শান্তির ওপরও বড় আঘাত।’
ঘটনার পর এলাকায় চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মিঠানালায় চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু বৈদ্যুতিক তার চুরি হয়েছিল, তবে পরে সেগুলো ফেলে চলে যায়। স্বর্ণালঙ্কার চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’














