২৫ সেপ্টেম্বর ২০২৬

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় পেট্রোল বোমা হামলা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলটির সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিল বাসভবনে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত উপস্থিতিতে হামলাকারীরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে একটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এটি শুধু একটি বাড়িতে হামলা নয়; একটি পরিবারের নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত দুই বছরে নওফেল ও প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের এই বাসভবনে এটি চতুর্থ দফার হামলার অভিযোগ। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হামলা চালানো হয়।

একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ