২৫ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে মধ্যরাতে ডাকাতি, গৃহকর্তাকে বেঁধে স্বর্ণ-টাকা লুট

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে একটি বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে প্রায় এক ঘণ্টা ধরে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজ্বি শফি আহমেদ মেস্ত্রী বাড়িতে। গতরাত আনুমানিক ২টার দিকে গিয়াস উদ্দিনের বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘুমন্ত পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এরপর প্রায় এক ঘণ্টা ধরে ঘরের প্রতিটি কক্ষ তল্লাশি চালিয়ে আলমারি ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে।

এ সময় ডাকাতরা ঘরে থাকা স্বর্ণের অলংকার, নগদ টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ডাকাতির খবর ছড়িয়ে পড়লে খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডাকাতির বিষয়টি তারা শুনেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় মিরসরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ