হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আজ রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে ফটিকছড়ির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
প্রশাসন ও মাদ্রাসা সূত্র জানায়, দুপুরে বাঁশখালী থেকে হেলিকপ্টারে ফটিকছড়ির পেলাগাজীর দিঘি সিঅ্যান্ডবি মাঠে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে নাজিরহাটের বাবুনগর এলাকায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
এরপর বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে প্রায় ৭০ জন শীর্ষ আলেমের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
সভায় হেফাজতের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন জেলার শীর্ষ আলেম-ওলামারা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনটির নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী, আল্লামা আইয়ুব বাবুনগরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি মাহমুদ হাসান, আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন জাকারিয়া, মাওলানা মুহিউদ্দিন রব্বানী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজী।
ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও খুলনাসহ বিভিন্ন জেলার নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে বৈঠকের আনুষ্ঠানিক কোনো এজেন্ডা এখনো ঘোষণা করা হয়নি।
হেফাজতের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী জানান, সফর ঘিরে প্রস্তুতি সম্পন্ন হলেও আমিরের পক্ষ থেকে ব্যক্তিগত বা মাদ্রাসার পক্ষ থেকে কোনো দাবি উত্থাপন না করার নির্দেশনা রয়েছে।
অন্যদিকে সংগঠনটির আমিরের দৌহিত্র মুফতি বরকতউল্লাহ বাবুনগরী জানিয়েছেন, বৈঠকে দেশের সামগ্রিক ধর্মীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি হেফাজতের ১৩ দফা দাবি এবং নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন উগ্রবাদী সংগঠন নিয়ে নীতিগত আলোচনা হতে পারে।
ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুর পাশাপাশি ফটিকছড়ির স্থানীয় উন্নয়ন নিয়েও প্রধানমন্ত্রীর কাছে একাধিক প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি রয়েছে।
স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, ফটিকছড়িতে সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, কয়েকটি কলেজ সরকারিকরণ, স্থানীয় প্রাকৃতিক গ্যাসের সুষম বণ্টন, চা ও রাবার শিল্পে গ্যাস সংযোগ এবং অব্যবহৃত খাসজমিতে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।
রাজনৈতিক ও ধর্মীয় ইস্যুর পাশাপাশি স্থানীয় উন্নয়ন—এই তিনটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটকে ঘিরেই বাবুনগর মাদ্রাসার আজকের মতবিনিময় সভাকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের শীর্ষ আলেমদের আলোচনায় শেষ পর্যন্ত কী বার্তা আসে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।














