২১ অক্টোবর ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কক্সবাজারে ফিটনেসবিহীন ও অননুমোদিত স্লিপার বাসকে জরিমানা

নিরাপদ সড়ক নিশ্চিত করতে কক্সবাজারে অননুমোদিত স্লিপার বাস ও খেলাপি মোটরযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি মামলায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ এম খায়রুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

বিআরটিএ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল্লাহ খান জানান, বিআরটিএর অনুমতি ছাড়া মোটরযানের কারিগরি বিনির্দেশ পরিবর্তন করে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসন বিন্যাস বা অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু সম্প্রতি বিভিন্ন কোম্পানির নামে চলাচলরত অননুমোদিত স্লিপার বাসসহ কিছু মোটরযান আইন লঙ্ঘন করে আকৃতি ও প্রকৃতি পরিবর্তন করে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।

তিনি বলেন, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদবিহীন এসব যানবাহনের চলাচল সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

অভিযানে লন্ডন এক্সপ্রেস, দোয়েল এক্সপ্রেস, সেন্টমার্টিন পরিবহন ও ইম্পেরিয়াল এক্সপ্রেসের পাঁচটি বিলাসবহুল বাসের বিরুদ্ধে বিআরটিএর অনুমতি ছাড়া কারিগরি বিনির্দেশ ব্যত্যয় এবং ফিটনেস সনদ না থাকার অভিযোগে মামলা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বিআরটিএ কর্মকর্তা জানান, সড়ক-মহাসড়কে চলাচলরত অননুমোদিত স্লিপার বাস ও অন্যান্য খেলাপি মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান সারা দেশে চিঠি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে কক্সবাজার পৌরসভার হাশেমিয়া কামিল মাদ্রাসায় সচেতনতামূলক সভা করেছে বিআরটিএ। বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনা ও পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— প্রতিপাদ্যে আয়োজিত সভায় শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। এতে বক্তব্য দেন বিআরটিএ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসান, ট্রাফিক ইন্সপেক্টর মো. জানে আলম, সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফ এবং মাদ্রাসার অধ্যক্ষ রহমত সালাম।

সভায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, যাত্রী ও চালক হিসেবে করণীয় এবং পথচারীদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া নিরাপদ সড়ক ও ট্রাফিক সাইনসংক্রান্ত লিফলেট এবং প্রচারপত্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এতে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ