২২ অক্টোবর ২০২৬

আনোয়ারায় চার দিনের মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় চার দিনের মাদকবিরোধী মোবাইল কোর্ট ও পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারের নেতৃত্বে আনোয়ারা থানা পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। অভিযানে মাদক উদ্ধার এবং মাদক সেবনের সময়ও কয়েকজনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার থেকে চার দিন উপজেলার বারশত ইউনিয়নে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাজ্জাদ হোসেন (৩২), নুরুল আবছার (৪২), রিদোয়ান (২১), রুবেল (২৪), মহিদুল হক ও সাঈমকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

এ ছাড়া গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন বারশত-বোয়ালিয়া এলাকার মো. ফারুক (৪২), বারখাইন শিলাইগড়া গ্রামের দিদারুল আলম, হাইলধর ইউনিয়নের মোহাম্মদ ইদ্রিস (৩৯), বিজয় নাথ (২৮), রুবেল (২৯), পরৈকোড়া ইউনিয়নের হেটিখাইন গ্রামের হোসাইন ওরফে মানিক (১৯) এবং রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার মো. আশিক (২৪) ও মো. শরীফ (২৮)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। আনোয়ারাকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত কাজ করছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ