ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য দায়িত্ব বণ্টন করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন মন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাত। তাঁর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে এ দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন মন্ত্রী সাচিং প্রু। তাঁর অনুপস্থিতিতেও জাতীয় সংসদ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, তাও প্রজ্ঞাপনে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, এ বিষয়ে এর আগে জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।












