চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে জুলুসের রুট ও যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।
সিএমপি জানায়, বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষায় সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মানুষ বা মূর্তি, কুশপুত্তলিকা প্রদর্শনসহ নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
নির্ধারিত রুটে হবে মূল জুলুস
সিএমপির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে।
জুলুসটি বিবিরহাট হয়ে মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে পুনরায় একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে জমায়েত হবে।
বন্ধ থাকবে ফ্লাইওভার
জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে বলে জানিয়েছে সিএমপি। ফলে ওই সময়ে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে নগরবাসীকে।
পুলিশের নির্দেশনা অনুযায়ী, জুলুস শুরু থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জশনে জুলুসকে কেন্দ্র করে নগরবাসীকে পুলিশকে সহযোগিতা এবং নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সিএমপি।












