৭ নভেম্বর ২০২৬

দ্বিবার্ষিক সম্মেলন

মিরসরাই প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে সাঈদ, মাঈন ও শিহাব

মিরসরাই প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকণের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নিউজের মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আরটিভির মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন সিদ্দিক।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়া এলাকায় একটি রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এর আগে সভাপতি পদে আবু সাঈদ ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রেসক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে প্রথম অধিবেশনে বিদায়ী সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন সম্পাদকীয় প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। অডিট প্রতিবেদন উপস্থাপন করেন এম আনোয়ার হোসেন। এ সময় নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে সদস্যরা মতামত দেন।

নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। তিনি দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

নুরুল আমিন এমপি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও সমাজের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন ক্লিফটন গ্রুপের সিইও এমডি মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং সাংবাদিক দেব দুলাল ভৌমিক।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা আ.ক.ম জান্নাতুল করিম থোকন, ছাগলনাইয়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই সমিতির সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ আফছার উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, সাবেক আমির নুরুল করিম, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন