৩০ অক্টোবর ২০২৬

ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার ১৪ শিক্ষার্থী পেলেন পাগড়ি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার ১৪ শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় পাগড়ি পেয়েছেন। এ উপলক্ষে রোববার (১৩ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, সমাজসেবক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে নৈতিকতাবোধসম্পন্ন জাতি গঠনের বিকল্প নেই। আজকের আল-কোরআনের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার ও নাসার বিজ্ঞানী হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, কোরআনের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায়ও এগিয়ে যেতে হবে। একজন শিক্ষার্থীকে আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা করে নাজিম উদ্দিন এ্যানেল বলেন, প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা ক্বারী জুবাইর হাছান শিক্ষার্থীদের সন্তানের মতো স্নেহ ও যত্ন করেন। এর ফলেই অল্প সময়ের মধ্যে ১৪ জন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়ে পাগড়ি গ্রহণের সৌভাগ্য অর্জন করেছে। এর আগে এ প্রতিষ্ঠান থেকে ১২০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন। তারা বর্তমানে সাধারণ শিক্ষায়ও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আল-আজহারী। তিনি বলেন, ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসা নৈতিক শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান। কোরআনের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী জুবাইর হাছানের উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সিনিয়র সদস্য সাইফুদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের বিভাগীয় প্রধান ড. ইমরানুল হক, পাহাড়তলী ডিআরএম শাহী জামে মসজিদের খতিব আল্লামা হেলাল উদ্দিন রশিদী, মৌলভীর দোকান শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক, আবদুল লতিফ শাহী জামে মসজিদ চট্টগ্রামের পেশ ইমাম আল্লামা ডা. ওবায়দুল হক, আল রিসালাহ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি হুমায়ুন কবির, ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের সেক্রেটারি হাফেজ মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, বিভাগীয় মিডিয়া সম্পাদক হাফেজ আরশাদ আল কাসেম এবং ওস্তাদুল হুফফাজ আল্লামা হাফেজ আব্দুস সফুর।

এ ছাড়া বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সংগঠক এম এইচ আর হারুন, সংগঠক আবু নাসের সাহেদসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নাজিম উদ্দিন, শিক্ষক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, আরবি বিভাগের প্রধান হাফেজ মাওলানা আক্তারুল আলম ও মাস্টার সারাহ উদ্দিন।

অনুষ্ঠানে কোরআনে হাফেজ হওয়া ১৪ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন