২০ সেপ্টেম্বর ২০২৬

মেরিন ড্রাইভে গাড়ির নিচে লুকানো ৮৯ হাজার ইয়াবা, পাচারকারী আটক

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ের প্যাঁচারদ্বীপ এলাকার রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

আটক এরফান কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার দক্ষিণ মুহুরীপাড়ার লিংক রোড এলাকার মৃত মো. আব্দুল ছামাদের ছেলে।

বিজিবি জানায়, পলাতক তিনজন হলেন— টেকনাফের সাবরাং সিকদার পাড়ার মৃত জহির আহম্মেদের ছেলে মোহাম্মদ কাদের (৪৫) ও মোহাম্মদ কামাল (৪০) এবং রামুর খুনিয়াপালংয়ের পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মোহাম্মদ মুনসুর (৫৫)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

তিনি জানান, আটক এরফানসহ পলাতক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দ করা ইয়াবা, প্রাইভেটকার ও অন্যান্য আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন