আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রধান ফটক ও আশপাশের এলাকায় অবস্থান নেন।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
জবি ছাত্রদলের ১ নম্বর আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দেওয়া এবং সাধারণ জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে জবি ছাত্রদল গতকাল রাত থেকেই ক্যাম্পাসে অবস্থান করছে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও দেশের সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় আমরা কাজ করে যাব। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনো ধরনের অপচেষ্টা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’
কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।














