রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার সীতার ঘাট এলাকার পাথরঘাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
জানা গেছে, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। ট্র্যাকিং শেষে পাহাড় থেকে নেমে দুপুরে সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তারা।
এ সময় স্রোতের টানে সানম গভীর পানিতে তলিয়ে যান। তার বন্ধু ও সহপাঠীরা নিজেদের মতো করে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।
সানমের বন্ধু সাইফুল ইসলাম বলেন, “আমরা নয়জন ঢাকা থেকে এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামি। মুহূর্তের মধ্যে আমাদের বন্ধু সানম পানিতে তলিয়ে যায়। আমরা নিজেদের মতো করে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।”
খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে সানমের মরদেহ উদ্ধার করা হয়।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের সদস্য মো. সরোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।
সানমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।














