২২ সেপ্টেম্বর ২০২৬

পাথরঘাটায় ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় রিকশা আরোহীকে ছুরি দেখিয়ে জিনিসপত্র কেড়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার তথ্য দিয়েছে পুলিশ। নগরীর বাকলিয়া এলাকা থেকে শনিবার গভীর রাতে মনির হোসেন নামে ওই যুবককে গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যবহার করা অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার মনির পেশাদার ছিনতাইকারী। গত বছরের নভেম্বরে লালদিঘী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনায়ও তিনি জড়িত।

এর আগে কোতোয়ালী থানার অদূরে পাথরঘাটা সতীশ বাবু লেইনে শনিবার ছুরি দেখিয়ে এক রিকশারোহীর কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার একটি সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোববার নগর পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছিনতাইয়ের ঘটনাটি শনিবার ভোর ৬টা ৪০ মিনিটের।

কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ নাজমুন নূর বলেন, ‘গ্রেপ্তার মনির ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। ছিনতাইয়ের ঘটনায় মনিরসহ মোট ৩ জন জড়িত। মনির ব্যাটারিচালিত রিকশা করে অন্য দুই ছিনতাইকারীকে নিয়ে এসেছিল।’

‘মনির অন্য এক চালকের কাছ থকে অটোরিকশাটি খুঁজে নিয়েছিল এবং সেটি সে ছিনতাইয়ের কাজে ব্যবহার করেছে। গত বছরের নভেম্বরে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে এক চা বিক্রেতা খুনের ঘটনায়ও সে সম্পৃক্ত ছিল।’

ওসির দাবি, মনিরের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে থাকা অন্য দুই জনের নামও সে জানিয়েছে। তার দেওয়া তথ্যে ছিনতাইয়ে ব্যবহার করা অটো রিকশাটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন