মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ ওষুধসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটকরা হলেন— কক্সবাজারের টেকনাফের পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে হারুন মিয়া (২৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮) এবং কক্সবাজারের উখিয়ার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার (২০)।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুমব্রু বিওপির একটি আভিযানিক দল সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি করেন।
তল্লাশিতে ট্রাক থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওষুধ পরিবহনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
বিজিবির ধারণা, জব্দ করা ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ওষুধ ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি গুরুত্ব দিয়ে কাজ করছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।














