২১ সেপ্টেম্বর ২০২৬

সিএনজি ভাড়া, লোডশেডিং ও আইনশৃঙ্খলা— বোয়ালখালীতে এমপির একাধিক নির্দেশনা

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিএনজি অটোরিকশার ভাড়া, লোডশেডিং, মাদক, কিশোর গ্যাং ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ বিভিন্ন বিষয়ে একাধিক নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের স্বাধীনতা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত প্রোফাইলে ‘জয় বাংলা’ লেখা ছবি দিয়ে পোস্ট করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড যাতে সংগঠিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে নির্দেশ দেন এমপি এরশাদ উল্লাহ।

এ ছাড়া উপজেলার সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে চলমান বিরোধের বিষয়টি সভায় উঠে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চালক, যাত্রী ও শ্রমিক নেতাদের সঙ্গে দ্রুত বৈঠক করে ভাড়া নির্ধারণে সমঝোতার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বিদ্যুতের লোডশেডিংয়ে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তির বিষয়টিও সভায় আলোচনা হয়। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে নির্দেশ দেন এমপি।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বিভিন্ন সড়কে যানজট নিরসন, ইভটিজিং, কিশোর গ্যাং এবং ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. কামরুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম স ম মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য শওকত আলম শওকত, বিএনপি নেতা ইছহাক চৌধুরী ও হামিদুল হক মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের ও সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ আসনের বর্তমান সংসদ সদস্য। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে নির্বাচিত হন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ