চট্টগ্রামের পটিয়ায় রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ধাক্কা দিলে পিকআপটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। এতে পিকআপের চালক সামান্য আহত হলেও ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি মল্লাপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা পিকআপ ভ্যানটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে দুই ভাগ হয়ে যায়। সংঘর্ষের পর ট্রেনটি পিকআপটিকে টেনে আনসার ক্যাম্পের সামনে পর্যন্ত নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পিকআপটি জব্দ করে।
পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম বলেন, দুর্ঘটনায় পিকআপের চালক সামান্য আহত হয়েছেন। ট্রেনের সব যাত্রী নিরাপদে রয়েছেন। পিকআপটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর উদ্ধারকাজের জন্য ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে।














