২২ সেপ্টেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদান— চুয়েট গেটে ৪ রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, বাসি ও ক্ষতিকর রং মিশ্রিত খাবার, পুরাতন ও পোড়া তেল এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেট এলাকার চারটি রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কসংলগ্ন চুয়েট গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াসিন, রাউজান উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস এবং নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. আনিছুজ্জামান উপস্থিত ছিলেন।

অভিযানে বাচা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও আইমিন’স কিচেনকে ৩০ হাজার টাকা করে, জেস্টো রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং চাঁদপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চার প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চুয়েট গেইট এলাকার কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি ও ক্ষতিকর রং মিশ্রিত খাবার, পুরাতন ও পোড়া তেল এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের মতো অনিয়ম পাওয়া গেছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে এসব অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রেস্টুরেন্ট মালিকদের নিরাপদ খাদ্য সংরক্ষণ, প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ