রাজনৈতিক নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল। সংগঠনের নেতারা বলেছেন, সন্ত্রাসের জবাব সন্ত্রাস নয়, বরং আইনের শাসন এবং প্রতিহিংসার জবাব প্রতিহিংসা নয়- ন্যায়বিচার।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় নেতারা এসব কথা বলেন। ‘দেশকে অস্থিতিশীল করার চলমান রাজনীতির বিরুদ্ধে করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস বা সহিংসতার নির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ পুরোনো জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বেছে নিয়েছে। এ ধরনের রাজনীতি আর চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘সন্ত্রাসের জবাব আরেক সন্ত্রাস নয়- আইনের শাসন। প্রতিহিংসার জবাব প্রতিহিংসা নয়- ন্যায়বিচার।’ জনগণের অধিকার ও নিরাপত্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সহায়কের ভূমিকা পালন করছে। রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় রাজনৈতিক সহিংসতা, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।














