২২ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষ, শিশুসহ আহত ৪

চট্টগ্রামের আনোয়ারায় ইটবাহী ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পিএবি সড়কের কালাবিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার কার্তিক ধর (৩০), ইকন ধর (১৯), ইটান ধর (১০) ও সিএনজি অটোরিকশাচালক টুন্টু জলদাশ (৩০)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে একটি সিএনজি অটোরিকশা বাঁশখালীর দিকে যাচ্ছিল। কালাবিবির দিঘির মোড়ের উত্তর পাশে পৌঁছালে একটি ইটবাহী ডাম্পার ইউটার্ন নেওয়ার সময় সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা চারজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। গুরুতর আহত ইকন ধর ও টুন্টু জলদাশকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পায়েল বলেন, আহত চারজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পার ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ডাম্পারচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন