২৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন বন্ধ

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে সরকারি চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিসও নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই সভার কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশনার ফলে সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের ক্ষেত্রে এক কিলোমিটারের দূরত্ব বজায় রাখতে হবে। অর্থাৎ কোনো সরকারি হাসপাতালকে কেন্দ্র করে এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক বা হাসপাতালের অনুমোদন দেওয়ার সুযোগ থাকবে না।

অন্যদিকে, ওই এক কিলোমিটার এলাকার মধ্যে আগে থেকে থাকা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা ব্যক্তিগতভাবে রোগী দেখতেও পারবেন না।

স্বাস্থ্যসেবা খাতে সরকারি হাসপাতাল ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে স্বার্থের সংঘাত কমানো এবং সরকারি চিকিৎসকদের সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে আরও মনোযোগী করার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। তবে বিদ্যমান বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই নির্দেশনা কীভাবে বাস্তবায়ন হবে এবং আগে দেওয়া অনুমোদনের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাস্তবায়ন প্রক্রিয়ায় স্পষ্ট হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ফ্যাসিলিটি রেজিস্ট্রিতেও সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পৃথকভাবে তালিকাভুক্ত রয়েছে।

আরও পড়ুন