২৬ সেপ্টেম্বর ২০২৬

নতুন ভিসিকে ঠেকাতে চুয়েটে রাতভর পাহারা, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের আগমন ঠেকাতে এবং সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন তীব্র হয়েছে।

নতুন উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন এমন খবরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগান ও ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ চত্বর ও একাডেমিক ভবনের দেয়ালে এসব গ্রাফিতি আঁকা শুরু হয়।

গ্রাফিতির মাধ্যমে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে বহালের দাবি জানানো হয়।

এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চলমান আন্দোলনকে ‘ক্ষুদ্র’ উল্লেখ করে দাবি করেন, ক্যাম্পাসে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী অবস্থান করছেন। একই সঙ্গে তালা খুলে দিয়ে তাকে বরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বক্তব্যের প্রতিবাদে শনিবার দুপুর দেড়টায় নবনিযুক্ত উপাচার্যকে ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সময়ে ক্যাম্পাসে বড় বিক্ষোভ মিছিল করারও কথা রয়েছে। এছাড়া আন্দোলনের সার্বিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি জানাতে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তারা।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের ইটিই বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এ সিদ্ধান্তের পর থেকেই উত্তাল হয়ে ওঠে চুয়েট।

ওই রাতেই নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। পরে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এরপর ২৪ সেপ্টেম্বর রাতে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে অধ্যাপক সায়েমকে স্বপদে বহালের দাবিতে জরুরি সেবা ছাড়া ক্যাম্পাসে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয় চুয়েট শিক্ষক সমিতি। কর্মসূচিতে সংহতি জানায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ও কর্মচারী সমিতিও।

শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের প্রধান ফটক অবরোধের কারণে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে যোগদান নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। এ নিয়ে চুয়েটজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন