২৭ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন সরকারপ্রধানের উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে স্বাগত জানান এলজিআরডিমন্ত্রী আবদুল মঈন খান, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সংযুক্ত আরব আমিরাত সময় রাত ৮টা ২৩ মিনিটে ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে ছয় ঘণ্টার যাত্রাবিরতি শেষে রাত ২টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার পথে রওনা দেয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

৩৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সরকারপ্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন। তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ অগাস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন।

এক যুগ বাদে ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে সরকারপ্রধানের মা খালেদা জিয়া ভাষণ দেন। তখন থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের অংশ নেওয়া সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজ এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ছাড়াও রোহিঙ্গা সংকট, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন এবং মাতৃ ও নবজাতকের মৃত্যু সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর। এর আগে গত জুন মাসে সরকারপ্রধান মালয়েশিয়া ও চীন সফর করেন।

আরও পড়ুন