চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে তিন বাংলাদেশি শ্রমিক ও এক চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা নাগরিক জেংলিং হং। দুর্ঘটনার পর আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ বলেন, কারখানায় বয়লার বিস্ফোরণের খবরটি সঠিক নয়। ফার্নেসে ত্রুটির কারণে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়লে চারজন আহত হন। তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সঙ্গে কথা হয়েছে, তারা স্বাভাবিক আছেন।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান বলেন, আহতদের চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
চর শরৎ পুলিশ ক্যাম্পের এএসআই (এবি) বাবুল জানান, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ফার্মিক স্টিল লিমিটেডের চুল্লিতে দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। পরে কোম্পানি কর্তৃপক্ষ তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো বয়লার বিস্ফোরণের ঘটনা নয়। ফার্নেসের ত্রুটির কারণে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়েই এ দুর্ঘটনা ঘটেছে।












