টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুরে জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করল সরকার। মঙ্গলবার এ চার জেলায় নতুন ডিসিকে দায়িত্ব নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী ও চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি করা হয়েছে।
অপরদিকে নীলফামারীর বর্তমান ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।












