৩০ সেপ্টেম্বর ২০২৬

খুলশীতে বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে খুন, আটক ৫

চট্টগ্রাম নগরীর খুলশীতে বাসা থেকে ডেকে নিয়ে মোহাম্মদ হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় স্থানীয় ওয়্যারলেস কলোনি বাজারে ভ্যানে করে সবজি বিক্রি করত। আটক পাঁচজনও একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের দাবি, নিহত হৃদয়ও ওই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। কয়েক দিন আগে গ্যাংয়ের কয়েকজন সদস্যের সঙ্গে তার বিরোধ হয়। সেই বিরোধের জেরেই তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাসা থেকে হৃদয়কে রাস্তায় ডেকে নেওয়া হয়। সেখানে প্রথমে তার কানে আঘাত করা হয় এবং পরে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘বাসা থেকে ডেকে নিয়ে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তারা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।’

আরও পড়ুন