৪ অক্টোবর ২০২৬

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে চট্টগ্রামে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইনগত প্রক্রিয়া ও পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)-এর সেমিনার হলে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে, সিডব্লিউসিসিআইয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসার বিভিন্ন আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হচ্ছে। ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার দক্ষতা এবং ব্যবসার টেকসই উন্নয়নে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন সিডব্লিউসিসিআইয়ের পরিচালক ও প্রশিক্ষক নূজহাত নূয়েরী কৃষ্টি এবং বিডিএস এক্সপার্ট ও প্রশিক্ষক মো. হাফিজুর রহমান। প্রশিক্ষণের প্রথম দিনে ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের (এমটিআই) বাস্তবায়নে দেশের ১৬টি জেলায় মোট ৪২টি ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ১ হাজার ৫০ জন উদ্যোক্তাকে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ নারী এবং ২৫ শতাংশ পুরুষ উদ্যোক্তা রয়েছেন।

আরও পড়ুন