মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধাবীদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।’
শনিবার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন বলেন, শিক্ষার্থীদের এ অর্জন তাদের ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা। ভালো ফলাফল ধরে রাখার পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামনের দিনে আরও বড় সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সংসদ সদস্য নুরুল আমিনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মিরসরাই উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ২৫০ শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘আগের সরকারের আমলে ১৭ বছর পাসের হার বাড়াতে গিয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শুধু সরকার চাইলেই হবে না।’
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের আদর্শ হতে হবে বাবা-মা ও শিক্ষক। বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের সম্মান করতে হবে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর ইসলাম বাবু ও সদস্যসচিব নাঈম সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন প্রমুখ।












