রাগ বৈরাগী ভৈরবের কোমল নিষাদের নিনাদ আর শুদ্ধ মধ্যমের সুরে যেন ফুটে উঠেছিল এক বৈরাগী সকালের ছবি। সেই সুরের আবেশে মগ্ন হয়ে শাস্ত্রীয় সংগীতের আস্বাদ নিলেন শ্রোতারা। উদীয়মান খেয়ালশিল্পী স্বরাজ সাহার পরিবেশনায় রাগ বৈরাগী ভৈরব ও ভাটিয়ারের সুরে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের ‘শ্রোতার আসর’।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউটের (সিসিএমআই) আয়োজনে নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় সিসিএমআইয়ের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
‘সকালের রাগের গায়ন’কে কেন্দ্র করে আয়োজিত এ শ্রোতার আসর সাজানো হয় দুটি পর্বে। প্রথম পর্বে ছিল রাগসংগীত পরিবেশনা। দ্বিতীয় পর্বে শ্রোতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মতামত ও বিশ্লেষণ পর্ব।
গায়ন পর্বে রাগ বৈরাগী ভৈরব পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী স্বরাজ সাহা। আলাপ বিস্তারের মধ্য দিয়ে তিনি রাগটির বৈরাগ্যভাব ফুটিয়ে তোলেন। এরপর তিনি সকালের আরেক রাগ ভাটিয়ার পরিবেশন করেন।
শিল্পীর সঙ্গে তবলায় সঙ্গত করেন তিষাণ ঘোষ, হারমোনিয়ামে ছিলেন পৃথ্বীরাজ সাহা এবং তানপুরায় ছিলেন আরাধ্যা দাশ।
আসরটির বিশেষ বৈশিষ্ট্য ছিল শিল্পী ও শ্রোতাদের একই মেঝেতে বসে সংগীত উপভোগ ও মতবিনিময়। গায়ন পর্ব শেষে শিল্পী রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বিশ্লেষণ পর্ব।
এ পর্বে অংশ নেন সিসিএমআইয়ের গুরু ও নন্দিত মোহন বীণা শিল্পী উস্তাদ দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, শিল্পী রাজেশ সাহা, বিশিষ্ট ব্যাংকার ও শিল্পী আ.ন.ম. নাসির উদ্দিন, শিল্পী মোখলেছুর রহমানসহ অন্যরা।
শাস্ত্রীয় সংগীতের পরিবেশনা, শ্রোতাদের মতামত ও শিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে আয়োজনটি ভিন্নমাত্রা পায়।












