দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণ ও মেরামত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সার্বিক পরিচালন ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী সিডিডিএলের সক্ষমতা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সিডিডিএলে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন তাকে স্বাগত জানান।
সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে ১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে সিডিডিএল। আর্থিক সংকটসহ নানা কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম একসময় দুর্বল হয়ে পড়লে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর এটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিডিডিএল এ পর্যন্ত দেশি-বিদেশি ১ হাজার ৩৬টি জাহাজ সফলভাবে মেরামত করেছে। পাশাপাশি কনটেইনার ভেসেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য পন্টুন নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটি ড্রাই ডকিং ও ভাসমান অবস্থায় জাহাজ মেরামত সেবাও দিয়ে আসছে।
‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগও নিয়েছে সিডিডিএল। এ লক্ষ্যে অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনবল উন্নয়নের কার্যক্রম চলছে। ভবিষ্যতে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণে দেশের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি বিভিন্ন শিল্পের জন্য স্টিল কাঠামো, যন্ত্রাংশ, ট্যাংক, স্টিল ব্রিজ, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসহ বিভিন্ন শিল্প ও সিভিল স্ট্রাকচারও নির্মাণ করছে সিডিডিএল। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রমের স্বীকৃতি হিসেবে আইএসও সনদও অর্জন করেছে।












