৯ অক্টোবর ২০২৬

পটিয়ায় লেগুনার ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৩

চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় গাড়িটি উল্টে গিয়ে তিনজন আহত হন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার গৈড়লারটেক এলাকার গ্যাস পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া বাঁশখালীর আবু হানিফের মেয়ে। আবু হানিফ পেশায় দিনমজুর। তিনি গৈড়লারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, চট্টগ্রাম নগর থেকে ছেড়ে আসা পটিয়াগামী যাত্রীবাহী লেগুনা সকাল ১০টার দিকে গৈড়লারটেক এলাকায় পৌঁছালে মহাসড়ক পারাপারের সময় শিশু তাসপিয়াকে ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

আহতরা হলেন- পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. ইকবাল (৩০), পটিয়া সদরের মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হাবিব (৪৫) এবং আহমদ রহমানের ছেলে আজগর আলী (১৭)। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণা সরকার সেতু জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু তাসপিয়ার মৃত্যু হয়। বাকি তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাইওয়ে থানার পুলিশ সদস্য আবদুল বারেককে ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনায় এক শিশু মারা গেছে।

আরও পড়ুন