শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের আনোয়ারার মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ। সংগঠনটির উদ্যোগে ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে একজন অসুস্থ রোগীকে হুইলচেয়ার এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নে অবস্থিত মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ পাঠাগারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাস্টার সৈয়দুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
এ সময় অসুস্থ এক রোগীকে একটি হুইলচেয়ার দেওয়া হয়। পাশাপাশি শিলাইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি সিলিং ফ্যান প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রশিদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আনোয়ারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন, আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরোজ আহমদ, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন, মাহাতা পাটনিকোটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল কাদের এবং সাংবাদিক মোরশেদ হোসেন, সাজ্জাদ হোসেন ও হিজবুল্লাহ সোহেল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মকছুদর রহমান চৌধুরী, মুজিবর রহমান চৌধুরী, মো. আবদুল মান্নান, মো. লোকমান চৌধুরী, সেকান্দর হায়াত খান, মাস্টার আবদুর রহিম, মুহাম্মদ মোতাহেরুল ইসলাম, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মহাসচিব মো. শহিদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা মানুষকে বিবেকবান, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। কৃতী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়।
তাঁরা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।














