চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মধ্যম সোনাপাহাড় এলাকার মো. হানিফ (৪০) ও মো. নেজাম (৪৮) এবং দক্ষিণ সোনাপাহাড় এলাকার আছমা বেগম (৩৫)। স্থানীয় গ্রামবাসীর দাবি, হানিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকায় ইয়াবা সেবনের সময় তিনজনকে হাতেনাতে আটক করেন গ্রামবাসী। পরে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করার পর পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।














