৩০ অক্টোবর ২০২৬

পটিয়ায় রেললাইনে মিলল নারীর খণ্ডিত মরদেহ, শনাক্ত হয়নি পরিচয়

চট্টগ্রামের পটিয়ায় রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়স্ক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার বাহুলী রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর সকাল ১১টা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্য, সকালে রেললাইনের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। এতে তাঁর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবে কোন ট্রেনের ধাক্কায় বা নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি কেউ।

স্থানীয়দের ধারণা, শুক্রবার ভোরে চলাচলকারী ট্রেনগুলোর কোনো একটির নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হতে পারে। এ রুটে ভোর ৪টায় মহানগর এক্সপ্রেস, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেস এবং সকাল ৭টায় সৈকত এক্সপ্রেস চলাচল করে।

এলাকাবাসী জানান, গত তিন দিন ধরে ওই নারী বাহুলী ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। বৃহস্পতিবার বিকেলেও তাঁকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁদের দাবি, ওই নারী কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকা থেকে এসে সেখানে বসবাস করতেন।

বাহুলী রেলগেটের গেটম্যান মো. হানিফ বলেন, রেলগেট থেকে কিছুটা দূরে ঘটনাটি ঘটায় তাঁদের নজরে আসেনি। সকালে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নারীর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন