২ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার

চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হলেও অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা এক দম্পতি ও তাঁদের চার-পাঁচ মাস বয়সী শিশু।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক আহত হন। এক দম্পতি ও তাঁদের চার-পাঁচ মাস বয়সী একটি শিশু অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। তাঁরা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত গাড়িটির নম্বর চট্ট মেট্রো-গ ১২৫০৯৮।

বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। চালক আহত হয়েছেন, অন্য যাত্রীরা সুস্থ আছেন। তাঁরা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন বলে জানা গেছে। তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বেঙ্গুরা খিতাপচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নতুন চালু হওয়া দুটি ট্রেনের একটি মহানগর এক্সপ্রেস। ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১১টায় ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ